প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৩:৩৪ পিএম

নোয়াখালীর চাটখিলে দৈনিক নয়া বঙ্গবাজার পত্রিকায় জুয়াড়িদের বিরুদ্ধে খবর প্রকাশ করায় পত্রিকার প্রকাশক ও সম্পাদক নূর আলমকে প্রাণনাশের হুমকি দিয়েছে জুয়াড়ি ফিরোজ আহমেদ শিপন (৩৫)।
গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সাংবাদিক নূর আলম বাদী হয়ে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, চাটখিলের বিভিন্ন এলাকায় জুয়ার জমজমাট ব্যবসা চলছে। এক শ্রেণীর মুখোশ ধারিরা সু-কৌশলে নিরীহ মানুষকে থাইল্যান্ডী ও এম থাই জুয়ার ফাঁদে পেলে নিঃস্ব করে দিচ্ছে। সাংবাদিক নূর আলম ভুক্তভোগীর অভিযোগ এবং তথ্য প্রমাণের ভিত্তিতে বেশ কিছুদিন ধরে থাইল্যান্ডী জুয়ার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে আসছেন।
এরই ধারাবাহিকতায় গত (৫ নভেম্বর) পৌরসভার ৭নং ওয়ার্ডের মুনছুর আহমেদের ছেলে ফিরোজ আহমেদ শিপনসহ জুয়াড়িদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন। সংবাদ প্রকাশের জের ধরে শিপন গত বৃহস্পতিবার দুপুরে একটি অপরিচিত নাম্বার থেকে নূর আলমকে কল দিয়ে হত্যার হুমকি দেয়, যার কল রেকর্ডও রয়েছে।
এই ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ অভিযোগ দায়ের করার পর এখনও শিপনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
চাটখিল প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকতসহ সকল সাংবাদিক নেতৃবৃন্দ শিপনকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য উপজেলা ও পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।
স্বদেশ প্রতিদিন/ এমএস