প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৩:৪৩ পিএম

সংগৃহীত ছবি
জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি এ বছর উন্মুক্ত মাঠে অনুষ্ঠিতব্য সব বিভাগীয় তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছেন।
আজ শনিবার (৮ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি লেখেন, “উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত আমার এ বছরের বিভাগীয় সব তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করা হলো।”
ফেসবুক পোস্টে আজহারি জানান, গত বছর আটটি বিভাগে তার তাফসিরুল কোরআন মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছিল। লাখো মানুষের উপস্থিতিতে এসব মাহফিল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। তবে নিরাপত্তা ব্যবস্থাপনায় আইনশৃঙ্খলা বাহিনীকে প্রচুর পরিশ্রম করতে হয়েছিল।
তিনি বলেন, “বর্তমানে সারা দেশে নির্বাচনকেন্দ্রিক এক ধরনের আমেজ তৈরি হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। রাজনৈতিক দলগুলো ডিসেম্বর ও জানুয়ারিতে মহাসমাবেশসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচিতে নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যাপকভাবে মোতায়েন থাকতে হবে। এমন পরিস্থিতিতে আমাদের মাহফিল আয়োজন তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে।”
জাতীয় স্বার্থে নির্বাচন পূর্ববর্তী এই সময়ে বড় কোনো জনসমাগম না করার সিদ্ধান্তই যৌক্তিক বলে মন্তব্য করেন তিনি।
আজহারি আরও জানান, তিনি বর্তমানে “হাসানাহ ফাউন্ডেশন”-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে প্রতিষ্ঠানটির কার্যক্রমে সম্পূর্ণভাবে মনোযোগী হচ্ছেন। শিক্ষাক্ষেত্রে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখার লক্ষ্যে এ ফাউন্ডেশনের কাজ এগিয়ে নিতে এখন তিনি সময় দিচ্ছেন।
সবশেষে তিনি বলেন, “নির্বাচন-পরবর্তী স্থিতিশীল পরিবেশে আবারও তাফসিরুল কোরআনের ঐতিহাসিক প্রোগ্রামগুলোতে আমরা মিলিত হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, হাসানাহ ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন।”