| শিরোনাম: |

গরমে স্বস্তি পেতে অনেক সময় সারাক্ষণই সিলিং ফ্যান চালানো হয়। ঘরে শিশু বা বয়োজ্যেষ্ঠ সদস্য থাকলে একাধিক ফ্যান একসঙ্গে চালানোর প্রয়োজনও পড়ে। তবে মাস শেষে বিদ্যুৎ বিল হাতে পেয়ে অনেকেই চিন্তায় পড়েন।
কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ফ্যান চালাতে আসলে খুব বেশি বিদ্যুৎ খরচ হয় না—বরং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতির অযথা ব্যবহারের কারণেই বিল বাড়ে।
বিদ্যুৎ বিশেষজ্ঞদের হিসাবে, একটি সাধারণ সিলিং ফ্যান ৭০ থেকে ১০০ ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে। ধরা যাক, ফ্যানটি ৭০ ওয়াটের—তাহলে এক ঘণ্টায় এটি ব্যবহার করবে ৭০ ওয়াট বা ০.০৭ ইউনিট বিদ্যুৎ। বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম ৭ টাকা ৫০ পয়সা হলে, এক ঘণ্টায় ফ্যান চালানোর খরচ হবে প্রায় ৫০ পয়সা (০.০৭ × ৭.৫০ = ০.৫২৫ টাকা)।
অর্থাৎ দিনে যদি ১০ ঘণ্টা ফ্যান চলে, তাহলে প্রতিদিন খরচ হবে আনুমানিক ৫ টাকা ২৫ পয়সা। আর মাসে (৩০ দিন) মোট খরচ দাঁড়াবে প্রায় ১৫৮ টাকা।
বিশেষজ্ঞদের মতে, সিলিং ফ্যান বিদ্যুৎ ব্যবহারের দিক থেকে বেশ সাশ্রয়ী। বিদ্যুৎ বিল বেড়ে গেলে তার মূল কারণ থাকে ফ্রিজ, ওয়াশিং মেশিন, ওভেনের মতো উচ্চক্ষমতার যন্ত্রপাতি কিংবা অদৃশ্য বিদ্যুৎ অপচয়।
পরামর্শ হলো—যন্ত্রপাতি সঠিকভাবে ব্যবহার করলে গরমে যেমন আরাম পাওয়া যাবে, তেমনি বিদ্যুৎ বিলও থাকবে নিয়ন্ত্রণে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ