| শিরোনাম: |

জাতীয় নির্বাচন–২০২৬–এর দ্বিতীয় টিজার প্রকাশিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) রাতে টিজারটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পায়।
টিজারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত ফেলানি খাতুনের বাবা মো. নুরুল ইসলামকে ক্ষোভভরে বলতে শোনা যায়, “আমরা এমন সরকার চাই না, যারা আমাদের পক্ষে কথা বলতে পারে না।”
এতে আরও বলা হয়, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে ভোট দিয়ে জনগণকেই ঠিক করতে হবে তারা কেমন বাংলাদেশ দেখতে চান। বার্তায় জোর দিয়ে বলা হয়েছে, “দেশের চাবি এবার আপনার হাতে।”
প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি শুক্রবার রাতে টিজারটি প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গত ২ নভেম্বর প্রকাশিত প্রথম টিজারে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের প্রতিনিধি ও বিডিআর হত্যাকাণ্ড তদন্ত কমিটির সমন্বয়ক ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “বাংলাদেশ আজ ইতিহাসের এক মোড় ঘোরানো নির্বাচনের সামনে দাঁড়িয়ে। এই নির্বাচনের মাধ্যমে জনগণকেই তাদের দেশের মালিকানা পুনরুদ্ধার করতে হবে। নির্বাচন ২০২৬—দেশের চাবি আপনার হাতে। আপনার ভোটেই নির্ধারিত হবে কেমন বাংলাদেশ দেখতে চান আপনি।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ