প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৮:৪৫ পিএম

কুমিল্লার তিতাস উপজেলায় এক কৃষকের গোয়ালঘর থেকে এক রাতে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছেন ওই কৃষক মো. উজ্জ্বল বেপারী (৪৩)।
বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের ঐচারচর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে তিতাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী উজ্জ্বল বেপারী।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার রাতে উজ্জ্বল বেপারী গোয়ালঘরে গরুগুলো বেঁধে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। রাত প্রায় ৩টার দিকে গরুকে ঘাস দিতে উঠে তিনি দেখেন গোয়ালঘর ফাঁকা দড়ি কেটে নিয়ে যাওয়া হয়েছে চারটি গরু। বিষয়টি বুঝতে পেরে তিনি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং অসুস্থ হয়ে পড়েন বলে জানান তার স্ত্রী।
উজ্জ্বলের চাচাতো ভাই এমরান বেপারী জানান, চুরি হওয়া গরুগুলোর মধ্যে একটি দুধেল গাভী, একটি বাছুর ও দুইটি ষাঁড় ছিল। আসন্ন কোরবানির হাটে বিক্রির উদ্দেশ্যে তিনি দীর্ঘদিন ধরে ষাঁড় দুটি লালন-পালন করছিলেন। গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা।
তিনি বলেন, “অভাব-অনটনের সংসারে এই গরুগুলিই ছিল উজ্জ্বলের একমাত্র সম্বল। গাভীর দুধ বিক্রি করে সংসার চলত। এখন তিনি একেবারেই নিঃস্ব।”
এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, “গরু চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। চোরচক্রকে শনাক্ত ও গরুগুলো উদ্ধারে পুলিশ কাজ করছে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে