প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৬:৫৬ পিএম

বগুড়ার আদমদীঘিতে মাছ খেয়ে ফেলার জেরে একটি বিড়ালকে গলা কেটে হত্যার অভিযোগে বুলবুলি বেগম (২৬) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে তাকে আটক করা হয়। আটক বুলবুলি আদমদীঘি উপজেলার দত্তবাড়িয়া গুচ্ছগ্রামের বাসিন্দা।
এর আগে বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেন আদমদীঘি থানায় বুলবুলির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায় বুলবুলি বেগম মাছ খাওয়ার ‘অপরাধে’ একটি বিড়ালের গলা কেটে হত্যা করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার ঝড় ওঠে এবং প্রাণী অধিকার সংগঠনগুলো প্রতিবাদ জানায়।
বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ বলেন, “প্রতিটি প্রাণের জীবন মূল্যবান। আমরা প্রাণীর প্রতি যে কোনো নির্মম আচরণের বিরুদ্ধে লড়ে যাচ্ছি।”
সংগঠনের প্রধান সমন্বয়কারী ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, “দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল এই চেতনায় সবাইকে প্রাণ ও প্রকৃতি রক্ষায় এগিয়ে আসতে হবে। আমরা আশা করি, এমন নৃশংস ঘটনার বিচার দ্রুত হবে।”
এর আগে ভিডিওটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। তিনি ঘটনাটি নিয়ে গভীর মর্মবেদনা প্রকাশ করেন এবং প্রাণীর প্রতি সহিংস আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
স্বদেশ প্রতিদিন/কেআইকে