প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৬:৩১ পিএম

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন নিপীড়নের অভিযোগে আলোড়ন সৃষ্টি হয়েছে দেশের ক্রীড়াঙ্গনে। এ বিষয়ে সরকারের অবস্থান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, জাহানারা চাইলে সরকার আইনি ব্যবস্থা নিতে প্রস্তুত।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহানারা আলম নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। তিনি জানান, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে মঞ্জুরুল তার সঙ্গে অনৈতিক আচরণ করেছিলেন।
জাহানারার দাবি, তিনি বিষয়টি একাধিকবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের দায়িত্বশীলদের জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তার ভাষায়, “দেড় বছরে অসংখ্যবার অভিযোগ করেছি। নাদেল স্যারকে জানিয়েছি। এক-দু’দিন ঠিক থাকলেও পরে আবার আগের অবস্থায় ফিরে যেত।”
শুক্রবার (৭ নভেম্বর) এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “আমাদের দপ্তর থেকেও ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি যদি আইনি ব্যবস্থা নিতে চান, যেহেতু এটি একটি ফৌজদারি অপরাধ, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, “যৌন হয়রানির ঘটনা ক্রীড়াঙ্গনের জন্য বড় হুমকি। এ ধরনের অভিযোগ নতুন নয়। খেলাধুলার অন্যান্য ক্ষেত্রেও এমন ঘটনার কথা আমরা শুনেছি। দায়িত্বশীল জায়গা থেকে নিশ্চিত করতে হবে, যেন কেউ এমন কাজ করে পার না পেয়ে যায়।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে