প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৪:৪২ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে উদয় এইড ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে জেলার সর্ববৃহৎ উদয় বৃত্তি পরীক্ষা ২০২৫। সকাল সাড়ে নয়টা থেকে কোম্পানীগঞ্জ, কবিরহাট ও দাগুনভূইয়া উপজেলার ১১টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা আয়োজন করা হয়।
৫ম থেকে ১০ম শ্রেণির মাদ্রাসা ও স্কুল শিক্ষার্থীরা এমআর সীটে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করে। জেলার ১১১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৮ হাজার ৫ শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিলেন উদয় এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মামুনুর রশিদ মানুন। নোয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর উদ্দিন মো. জাহাঙ্গীর এবং সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবদুল কাদের ভূঁইয়া পরীক্ষার সার্বিক পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে অ্যাডভোকেট মামুনুর রশিদ মানুন জানান, “আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলা। ভবিষ্যতে নোয়াখালীর প্রতিটি উপজেলায় এই বৃত্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে।”
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, উদয় এইড ফাউন্ডেশনের এই উদ্যোগ গ্রামীণ শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং আগামী প্রজন্মের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে