প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১২:৩৫ পিএম

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রমের ৩৬ দিনের অচলাবস্থার কারণে দেশের বিমান চলাচলে বড় ধরনের প্রভাব পড়তে শুরু করেছে।
আজ শুক্রবার (৭ নভেম্বর) থেকে ৪০টি প্রধান বিমানবন্দরে ফ্লাইট ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
সরকারি শাটডাউনের কারণে ১৩ হাজার এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং ৫০ হাজার নিরাপত্তা কর্মকর্তা বেতন ছাড়াই কাজ করছেন। এর ফলে বিমানবন্দরগুলোর নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে এবং ফ্লাইট বিলম্ব ও বাতিলের সংখ্যা বাড়ছে।
মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, ধাপে ধাপে ফ্লাইট কমানো হবে। প্রথম দিন ৪ শতাংশ, পরের দিন ৫, তার পর ৬ শতাংশ এবং এক সপ্তাহের মধ্যে পুরো ১০ শতাংশ ফ্লাইট কমানো হবে। এফএএ প্রধান ব্রায়ান বেডফোর্ড বলেন, ক্লান্ত কন্ট্রোলার ও আর্থিক চাপ আকাশপথের নিরাপত্তায় ঝুঁকি তৈরি করছে।
নিউইয়র্ক, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও ডালাসের মতো ব্যস্ততম বিমানবন্দরগুলোও এই কমানো তালিকার মধ্যে রয়েছে। এতে প্রতিদিন ৩ থেকে ৪ হাজার ফ্লাইট বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে।
শাটডাউন কেন্দ্রীয় সরকারের সব কার্যক্রমকে প্রভাবিত করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেয়ারবাজার থেকে নির্বাচন পর্যন্ত এর প্রভাবের কথা উল্লেখ করেছেন এবং কংগ্রেসকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।