প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১২:০৫ পিএম আপডেট: ০৭.১১.২০২৫ ১২:৩০ PM

জয়া স্যানিটারি ন্যাপকিনের প্রযোজনায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘ফার্মা ফেস্ট ২০২৫’। নর্থ সাউথ ইউনিভার্সিটির ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ ও নর্থ সাউথ ইউনিভার্সিটি ফার্মাসিউটিক্যাল ক্লাব (এনএসইউপিসি) যৌথভাবে এই আয়োজন করে।
৫ নভেম্বর ফেস্ট শুরু হয়ে শেষ হয় ৬ নভেম্বর রাত ১০ টায়। প্রথম দিনে ফার্মা ডিবেট, ফার্মা অলিম্পিয়াডসহ ইনট্রা–ইউনিভার্সিটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশ নেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। ফেস্টে নিজেদের জ্ঞান ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পান হাজারও শিক্ষার্থীরা।
বিকেলে ‘ইন্ডাস্ট্রিয়াল অ্যাডভাইজরি বোর্ড অ্যান্ড লিডার্স’ মিটআপে শিল্পখাত ও একাডেমিয়ার প্রতিনিধিরা ফার্মাসিউটিক্যাল সেক্টরের উন্নয়ন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। দিন শেষে অ্যালামনাই নাইটে মিলিত হন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
৬ নভেম্বর সকাল ১০ টায় অনুষ্ঠান উদ্বোধন করেন ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ হুসেন শাহরিয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী, উপ–উপাচার্য ও ট্রেজারার প্রফেসর ড. আব্দুর রব খান, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফ নাসের, রেনাটা পিএলসির সিইও ও এমডি সৈয়দ এস. কায়সার কবির, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জারিন কারিম, রেডিয়্যান্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম। এছাড়া নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজ সদস্য মো. বেনাজির আহমেদ, এম. এ. কাশেম ও আজিজ আল কায়সার (টিটো) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এস. কায়সার কবির ফার্মাসিউটিক্যাল খাতে নৈতিকতা, উদ্ভাবন এবং উদ্যোক্তা চেতনার গুরুত্ব তুলে ধরেন। পরে ফার্মা ম্যাগাজিন ও ফার্মা এক্সিবিশনের উদ্বোধন করা হয়।
দুই দিনব্যাপী উৎসবে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো স্টল প্রদর্শন করেন। পাশাপাশি শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী প্রকল্প ও গবেষণার কাজ উপস্থাপন করেন। এর মাধ্যমে একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে সেতুবন্ধন তৈরির সুযোগ সৃষ্টি হয়।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ হোসেন শরিয়ার, নর্থ সাউথ স্কুল অব লাইফ অ্যান্ড হেলথ সায়েন্সেস-এর ডিন প্রফেসর ড. দিপাক কুমার মিত্র এবং প্রো-ভিসি (আইসি) ও ট্রেজারার প্রফেসর আব্দুর রব খান। বক্তব্য শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
আয়োজকরা জানান, ফার্মা ফেস্ট ২০২৫ শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবন চিন্তা এবং শিল্প–একাডেমিক সহযোগিতাকে আরও এগিয়ে নেবে।
স্বদেশ প্রতিদিন/ এমএস