প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১০:১০ AM

সংগৃহীত ছবি
জাতিসংঘ জানিয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে। ১০ অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে গাজায় ত্রাণ পাঠানোর ১০৭টি আবেদন বাতিল করেছে ইসরায়েল।
গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) জাতিসংঘের মুখপাত্র ফারহান হক এক সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের অংশীদার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, কম্বল, শীতের পোশাক, পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যসেবার প্রয়োজনীয় সরঞ্জামসহ ১০৭টি ত্রাণ আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।”
প্রত্যাখ্যাত আবেদনগুলোর প্রায় ৯০ শতাংশ ছিল স্থানীয় ও আন্তর্জাতিক ৩৩০টিরও বেশি বেসরকারি সংস্থার পক্ষ থেকে। এর অর্ধেকেরও বেশি আবেদন বাতিল করা হয়েছে ইসরায়েলের যুক্তিতে যে, গাজায় ত্রাণ পাঠানোর জন্য সংস্থাগুলোর অনুমতি নেই।
জাতিসংঘের মানবিক সমন্বয় দপ্তর (ওসিএইচএ) জানিয়েছে, পূর্ব খান ইউনিস, পূর্ব গাজা সিটি ও রাফাহ এলাকায় ইসরায়েলি সেনারা প্রতিদিনই আবাসিক ভবনে বিস্ফোরণ ঘটাচ্ছে।
ফারহান হক সতর্ক করে বলেন, “তথাকথিত ‘ইয়েলো লাইন’ সংলগ্ন এলাকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে, এতে বেসামরিক লোকজন ও ত্রাণকর্মীদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।”
তিনি আরও বলেন, সামরিক অভিযানে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিত করা ইসরায়েলি সেনাদের দায়িত্ব।