প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৯:৩২ পিএম আপডেট: ০৬.১১.২০২৫ ৯:৫৫ PM

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ডাকাতি ও চাঁদাবাজি মামলার বাদী, শিক্ষক সমোর কুমার দাসের ওপর সন্ত্রাসী হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডি আই জি মো. মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল ৫ টার দিকে পাট্টা বিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ঘটনাস্থলে গিয়ে অতিরিক্ত ডি আই জি স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিস্তারিত তথ্য নেন। এসময় রাজবাড়ী পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার এবং পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিত ছিলেন।
এ ঘটনার পূর্বপটভূমি অনুযায়ী, গত শনিবার রাত সাড়ে ১১ টার দিকে পাট্টা জোনা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সমোর কুমার দাসের বাড়িতে চারজন অস্ত্রধারী ডাকাত মুখোশ পরে প্রবেশ করে। তারা শিক্ষক সমোর কুমার দাসের কাছ থেকে নগদ অর্থ ও মালামাল লুটে নিয়ে যায়। এর একদিন পর, গত রবিবার শিক্ষক সমোর কুমার দাস পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এর পরবর্তী ঘটনায়, গত বুধবার দুপুরে সন্ত্রাসীরা শিক্ষক সমোর কুমার দাসকে হাতুড়ি ও লোহার রড দিয়ে মারপিট করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে, অস্ত্রধারী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি, ককটেল বিস্ফোরক ও ইট-পাটকেল নিক্ষেপ করে। এই হামলায় দুই পুলিশ কর্মকর্তা ও আকুল (৫৫) নামের একজন ব্যক্তি ছররা গুলিতে আহত হন।
এ বিষয়ে অতিরিক্ত ডি আই জি মো. মোস্তাফিজুর রহমান বলেন, “আমরা দৃঢ়প্রতিজ্ঞ, যাতে এলাকার মানুষ নিরাপদ ও শান্তিতে বসবাস করতে পারে। পুলিশ ইতিমধ্যে ডাকাতি মামলায় তিনজনকে গ্রেফতার করেছে এবং বাকিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে