প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৯:২৮ পিএম

প্রতীকী ছবি
চলতি বছরের অক্টোবর মাসে দেশে সামগ্রিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ১৭ শতাংশে, যা সেপ্টেম্বরের তুলনায় ০ দশমিক ১৯ শতাংশ কম। তবে একই সময়ে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার বৃদ্ধি পেয়েছে। বুধবার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।
এতে দেখা যায়, অক্টোবরে মূল্যস্ফীতির পাশাপাশি খাদ্য মূল্যস্ফীতিও বেশ খানিকটা কমেছে। মাসটিতে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ০৮ শতাংশ, সেপ্টেম্বরে যা ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ। এমনকি গ্রাম ও শহর—দুই অঞ্চলেই খাদ্য মূল্যস্ফীতিতে কমতির ধারা দেখা গেছে।
অক্টোবর মাসে গ্রামাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৯৪ শতাংশে নেমে এসেছে। একই সময়ে শহরাঞ্চলেও খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৪৫ শতাংশে, যেখানে সেপ্টেম্বর মাসে এ হার ছিল ৭ দশমিক ৯৪ শতাংশ।
অন্যদিকে, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে খাদ্য বহির্ভূত খাতের মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯ দশমিক ১৩ শতাংশে পৌঁছেছে, যা আগের চেয়ে ০ দশমিক ১৫ শতাংশ বেশি।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ