প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৭:৪৪ পিএম

জনস্বার্থে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে নির্মিত বাঁধ অপসারণ করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলার পিঞ্জুরি ইউনিয়নের তাড়াইল ও রাধাগঞ্জ ইউনিয়নের বুজুর্গকোনা মাদারবাড়ী এলাকার সরকারি খালের ওপর নির্মিত বাঁধগুলো অপসারণের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাগুফতা হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহাজাহান সিরাজ।
প্রশাসন সূত্রে জানা যায়, কিছু প্রভাবশালী মৎস্য খামারি সরকারি খাল ও ব্রিজের নিচে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে পানি প্রবাহে বাধা সৃষ্টি করছিলেন। এতে স্থানীয় কৃষক, জেলে ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। অভিযানে এসব অবৈধ বাঁধ অপসারণ করা হয় এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
অভিযান শেষে উপজেলা প্রশাসন জানায়, ভবিষ্যতে কেউ সরকারি জলাশয়, রাস্তার পাশে বা ব্রিজের নিচে বাঁধ দিয়ে মাছ চাষ করলে তাদের বিরুদ্ধে জরিমানা ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে প্রশাসনের এ উদ্যোগে স্থানীয় কৃষক, জেলে ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা বলেন, “অবৈধ বাঁধের কারণে খালের পানি চলাচল বন্ধ হয়ে জমি চাষে ও মাছ ধরায় সমস্যা হচ্ছিল। প্রশাসনের এই পদক্ষেপে আমরা উপকৃত হয়েছি।”
স্থানীয়রা আরও জানান, কুশলা–রাধাগঞ্জ খালের ওপর পুনরায় দখল করা বাঁধগুলোও দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন। তারা বলেন, এ বিষয়ে একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলেও এখনো পর্যন্ত খালটি সম্পূর্ণ অবমুক্ত হয়নি।
স্বদেশ প্রতিদিন/কেআইকে