প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৬:২৮ পিএম

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত জব্বার মিয়া (৬৫)-এর লাশ হত্যার ছয় মাস পর আদালতের নির্দেশে উত্তোলন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে পুনঃতদন্তের অংশ হিসেবে এ লাশ উত্তোলন কার্যক্রম সম্পন্ন হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিএনপির তাঁতী ও মৎস্যজীবী বিষয়ক সম্পাদক মো. বাদশা মিয়া ও তার সহযোগীরা পারিবারিক জমি দখলের চেষ্টা করলে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে গত ১৯ মে সকাল ৬টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন জব্বার মিয়া এবং আরও পাঁচজন গুরুতর আহত হন।
নিহতের পরিবার অভিযোগ করে জানায়, দাদার ২৪ শতাংশ জমির মধ্যে জব্বার মিয়া ৬ শতাংশের মালিক ছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে বাদশা গং-এর সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। জমি দখলের চেষ্টা থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত।
নিহতের পুত্রবধূ পলি বেগম বলেন, “আমরা এখনো ময়নাতদন্তের রিপোর্ট পাইনি। তাই আদালতে পুনরায় তদন্তের আবেদন করি। আদালতের নির্দেশে আজ লাশ উত্তোলন করা হয়েছে। আমরা সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
লাশ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন নাগরপুর থানা পুলিশ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীপ ভৌমিক বলেন, “আদালতের নির্দেশে পুনঃতদন্তের স্বার্থে জব্বার মিয়ার লাশ উত্তোলন করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে