প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৮:৫৩ AM

সংগৃহীত ছবি
রাশিয়া শব্দের চেয়ে তিনগুণ গতির পারমাণবিকচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু করেছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে এই ক্ষেপণাস্ত্র হাইপারসনিক গতিতেও পৌঁছাতে সক্ষম হবে।
গতকাল বুধবার (৫ নভেম্বর) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার মস্কোয় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুতিন বলেন, নতুন প্রজন্মের পারমাণবিকচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্প ইতোমধ্যে শুরু হয়েছে। এর গতি শব্দের চেয়ে তিনগুণ বেশি হবে এবং ভবিষ্যতে তা হাইপারসনিক পর্যায়েও পৌঁছাতে পারবে।
ক্রেমলিনে আয়োজিত ওই অনুষ্ঠানে পুতিন রাশিয়ার পারমাণবিকচালিত ‘বুরেভেসনিক’ ক্ষেপণাস্ত্র ও পানির নিচে ব্যবহারের জন্য ‘পোসেইডন’ অস্ত্র তৈরিতে যুক্ত বিজ্ঞানী ও প্রকৌশলীদের রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করেন। তিনি আরও বলেন, রাশিয়া এখন এমন এক নতুন প্রজন্মের অস্ত্র তৈরি করছে, যা বুরেভেসনিক ও পোসেইডনের মতো একই শক্তি ইউনিটের ওপর ভিত্তি করে গড়ে তোলা হচ্ছে।
পুতিনের ভাষায়, বুরেভেসনিক ক্ষেপণাস্ত্র তৈরির সাফল্য রাশিয়ার জন্য এক ঐতিহাসিক অর্জন, যা আগামী কয়েক দশক দেশের নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্য রক্ষা করবে।
এর আগে গত মাসে সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পুতিন জানান, বুরেভেসনিকের গুরুত্বপূর্ণ পরীক্ষার কাজ শেষ হয়েছে। সে সময় রুশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ জানান, ক্ষেপণাস্ত্রটি ১৫ ঘণ্টায় প্রায় ১৪ হাজার কিলোমিটার অতিক্রম করেছে। পুতিন আরও বলেন, ২০১৮ সালে ঘোষিত বুরেভেসনিক ও পোসেইডন ক্ষেপণাস্ত্র দুটি অদ্বিতীয় এবং অসীম পাল্লার ক্ষমতাসম্পন্ন।