| শিরোনাম: |

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জুলাই আন্দোলনে ছাত্রলীগ কর্তৃক নির্যাতনের শিকার সামিউল আজিম এখনও বিচার পাননি। আন্দোলনের পনেরো মাস পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো দৃশ্যমান পদক্ষেপ নেনি এবং এখনও কোনো তদন্ত কমিটি গঠন হয়নি।
সামিউল আজিম যবিপ্রবির ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৫ জুলাই আন্দোলনের পর সন্ধ্যায় শহীদ মসিয়ূর রহমান হলের কক্ষ নং ৪২২-এ বসে থাকা অবস্থায় চারজন ছাত্রলীগের নেতা-কর্মী তার কক্ষে প্রবেশ করে এবং তাকে শারীরিকভাবে নির্যাতন করে। এরপর তাকে হল থেকে বের করে দেওয়া হয়।
সামিউল জানান, নতুন প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরও এখনো কোনো বিচার হয়নি। তিনি বলেন, “আমিই শুধু নির্যাতনের শিকার নই, আরও অনেক শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু প্রশাসন পদক্ষেপ না নেওয়ায় অনেকে সামনে এসে অভিযোগ করার সাহস পাচ্ছেন না।”
একই বিষয়ে তামিম আহমেদ বলেন, “প্রশাসনের কাছে আমাদের আশা ছিল ন্যায় বিচার হবে, কিন্তু সামিউলের ঘটনা থেকে বোঝা যায় প্রশাসন ব্যর্থ হয়েছে।”
বর্তমান প্রক্টর অধ্যাপক ড. মোঃ উমর ফারুক জানান, অভিযোগের সময় তিনি দায়িত্বে ছিলেন না, তবে অভিযোগটি রেজিস্ট্রার দপ্তরে পাঠানো হয়েছে। ডেপুটি রেজিস্ট্রার নিত্যানন্দ পাল বলেন, তদন্ত কমিটি গঠনের কোনো প্রস্তাব আসেনি। রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব বলেন, ফাইল খুঁজে বিস্তারিত জানা যাবে। উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, অভিযোগের অগ্রগতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ