হন্ডুরাসকে ৭-০ গোলে হারিয়ে গ্রুপ ‘এইচ’-এর শীর্ষে উঠে গেছে ব্রাজিল। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে এমনি দুর্দান্ত জয় পায় সেলেসাওরা।
গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) অ্যাস্পায়ার জোনের তিন নম্বর পিচে অনুষ্ঠিত ম্যাচে এই বিশাল জয় নিশ্চিত হয়।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় ব্রাজিল। ৯ মিনিটে রুয়ান দলের জন্য প্রথম গোল করেন। ৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ডেল। ১৯ মিনিটে মোরাইস গোল করে ব্যবধান ৩-০ করেন এবং প্রথমার্ধের যোগ করা সময়ে ডেলের জোড়া গোল ব্রাজিলকে ৪-০ এর লিড এনে দেয়।
দ্বিতীয়ার্ধেও বিরতিহীন আধিপত্য বজায় রাখে সেলেসাওরা। ৫৯ মিনিটে হুগো, ৭৪ মিনিটে অ্যাঞ্জেলো এবং শেষ মিনিটে মেক গোল করে বড় জয় নিশ্চিত করেন।
উল্লেখ্য, ব্রাজিল অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সফলতম দল। এই টুর্নামেন্টে তারা চারবার চ্যাম্পিয়ন হয়। ২০১৯ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন হয় সেলেসাওরা।
এদিন ব্রাজিলিয়ানদের পক্ষে রুয়াল পাবলো, ফেলিপে মোরাইস, ভিতর হুগো, অ্যাঞ্জেলো এবং গ্যাব্রিয়েল মেক গোল করেন।
এদিকে পেলে-আর নাইনদের উত্তরসূরিদের এমন জয়ে বেশ সরব হয়ে উঠেছেন তাদের ভক্ত এবং সমর্থকেরা। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দলকে শুভ কামনা জানিয়ে নানা পোস্ট এবং মন্তব্য করে যাচ্ছেন।