প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৫:০১ পিএম

বান্দরবানে পাহাড়ি দুর্গম এলাকার ছয় এতিম শিশুর লেখাপড়ার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ বুধবার (৫ নভেম্বর) সকালে বান্দরবান সেনানিবাসে এক অনুষ্ঠানে এসব শিশুর অভিভাবকদের হাতে এক বছরের শিক্ষা ব্যয় ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। পাশাপাশি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন, ঢেউটিন এবং আর্থিক সহায়তাও প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের কর্মকর্তা (জিএসও-২) মেজর পারভেজ রহমান।
সূত্রে জানা গেছে, জেলার রুমা ও রোয়াংছড়ি উপজেলাসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন এই শিশুদের অভিভাবকরা। ২০২৩ সালে রোয়াংছড়ির পাইক্ষ্যং পাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ক্রীস্টিনা বমের পিতা লাললক লিয়ান বম। আর্থিক সংকটের কারণে চার বছর বয়সী ক্রীস্টিনার পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল।
একইভাবে রুমা উপজেলার রনিন পাড়ার লালরাউ সাং-এর পিতা পাঁচ বছর আগে অসুস্থ হয়ে মারা যান; পরে তার মা পুনর্বিবাহ করলে শিশুটি নিঃস্ব হয়ে পড়ে। তাদেরও সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষা উপকরণ ও এক বছরের পড়াশোনার খরচ প্রদান করা হয়।
মেজর পারভেজ রহমান বলেন, “এই এতিম শিশুরা যেন শিক্ষাজীবন চালিয়ে যেতে পারে, সেই লক্ষ্যেই প্রাথমিকভাবে এক বছরের খরচ ও প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়েছে। এই সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শুধু এতিম শিশু নয়, দুর্গম অঞ্চলের ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষদেরও সহায়তা প্রদান অব্যাহত রাখবে সেনাবাহিনী।”
উল্লেখ্য, সম্প্রতি বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাকিব ইবনে রেজোয়ান দুর্গম এলাকা পরিদর্শনের সময় এসব এতিম শিশুর খোঁজ পান এবং তাদের শিক্ষার দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন।