প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৬:৫৪ পিএম আপডেট: ০৪.১১.২০২৫ ৭:০২ PM

জনস্বাস্থ্য সুরক্ষায় অফিস প্রাঙ্গণ শতভাগ তামাকমুক্ত করার জন্য মঙ্গলবার (৪ নভেম্বর) মহিলা বিষয়ক অধিদপ্তরে তাবিনাজ কর্তৃক “অধূমপায়ীদের সুরক্ষায় মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস প্রাঙ্গণ শতভাগ ধূমপানমুক্ত রাখতে করণীয়” শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন উবিনীগ এর গবেষণা সহযোগী হাসানুল হাসিব আল-গালিব। তিনি তামাকজাত দ্রব্যের ভয়াবহ ক্ষতিকর দিক এবং এর বহুমুখী প্রভাব নিয়ে আলোচনা করেন। তাবিনাজের সদস্য পারভীন হাসান তার বক্তব্যে জর্দা, গুল সাদাপাতা সহ তামাকজাত দ্রব্যের ভয়াবহ ক্ষতিকর দিক তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী গোলাম তৌসিফ।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব), অতিরিক্ত পরিচালক (উপসচিব), উপপরিচালক, (পরিকল্পনা ও মূল্যায়ন), উপপরিচালক (প্রশিক্ষণ), উপপরিচালক, (ভিডব্লিউবি), সহকারী পরিচালক (মা ও শিশু সহায়তা কর্মসূচি), প্রোগ্রাম অফিসার পরিবীক্ষণ, সমন্বয় ও সচেতনতা সৃষ্টি শাখা ও তাবিনাজ সদস্যসহ প্রায় ৩০ জন।
অংশগ্রহণমূলক এই সভায় তামাকের ক্ষতিকর দিক থেকে পরিত্রাণের উপায় নিয়ে সবাই তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন এবং অফিস প্রাঙ্গণ তামাক মুক্ত রাখতে করণীয় কী, তা নিয়ে আলোচনা করেন।
আলোচনার প্রেক্ষিতে সভাপ্রধান মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী গোলাম তৌসিফ বলেন, ‘তামাকমুক্ত করতে আমাদের যা যা ভূমিকা রাখার শুধুমাত্র কথার মধ্যে না থেকে আমরা কাজের মাধ্যমে সেটা করার চেষ্টা করবো, যেন জনস্বাস্থ্যে হুমকি দূর হয়। আমরা যেন সুষ্ঠু, সুন্দর পরিবেশে ভালো করে অক্সিজেন নিয়ে বেঁচে থাকতে পারি।’
মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী গোলাম তৌসিফ মৌখিকভাবে মহিলা অধিদপ্তরের অফিস প্রাঙ্গণ শতভাগ তামাকমুক্ত ঘোষণা করেন। তিনি দেশব্যাপী মহিলা বিষয়ক অধিদপ্তরের সকল অফিস প্রাঙ্গণ শতভাগ তামাকমুক্ত রাখার আশ্বাস প্রদান করেন। সেই সাথে মহিলা বিষয়ক অধিদপ্তরে DSA (Designated Smoking Areas) অনুমোদন না দেওয়া এবং অফিস প্রাঙ্গণ এলাকায় সকল প্রকার তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধের ঘোষণা দেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ/ শুভ