প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ২:৫০ পিএম

প্রতীকী ছবি
রাজধানীর শাহজাহানপুরে একটি ভাড়া বাসা থেকে সুরভী আক্তার মাহফুজা (২১) নামের এক তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে বকশীবাগ এলাকার ৪৩৯/এ ঠিকানার দ্বিতীয় তলা ভবনের নিচতলার একটি কক্ষ থেকে তার লাশ পাওয়া যায়।
পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৃত সুরভী আক্তার শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর গ্রামের নুরুল হক খানের মেয়ে। বর্তমানে শাহজাহানপুর বকশিবাগের বাসায় ভাড়া থাকতেন।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহসিন তালুকদার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলের বাসা থেকে প্লাস্টিকের বস্তা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করি। ঘটনাস্থলে আশেপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা জানতে পেরেছি চলতি মাসের ১ তারিখে স্বামী–স্ত্রী পরিচয় দিয়ে তারা বকশিবাগের দ্বিতীয় তলা ভবনের নিচ তলার কক্ষটি ভাড়া নিয়েছিলেন। আশেপাশের লোকজন আমাদেরকে আরও জানায় তাদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো।’
এ ঘটনাটি পারিবারিক বিরোধ থেকে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এসআই জানান, ঘটনার পর থেকেই নিহতের স্বামী আজিজুর রহমান পলাতক। তিনি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এই বিষয়ে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ