প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ২:৫০ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের লক্ষ্যে বাংলাদেশ পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম চলছে। এ পর্যন্ত মোট ৪৮ হাজার ১৩৪ জন পুলিশ সদস্য এই প্রশিক্ষণ সম্পন্ন করেছেন বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী সংসদ নির্বাচনে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন প্রায় দেড় লাখ পুলিশ সদস্য। তাদের প্রত্যেকের কাজ জাতীয় ও আন্তর্জাতিকভাবে পর্যালোচিত হবে। তাই প্রশিক্ষণের মূল লক্ষ্য হচ্ছে পুলিশ সদস্যদের আরও দক্ষ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল করে গড়ে তোলা।
প্রশিক্ষণ কার্যক্রমের তদারকির জন্য ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) দেশের সব ইউনিট প্রধানকে বিশেষ নির্দেশনা দিয়েছেন। হেডকোয়ার্টার্স থেকেও প্রতিটি প্রশিক্ষণ ধাপ নিবিড়ভাবে মনিটর করা হচ্ছে।
আইজিপি রবিবার (২ নভেম্বর) রাজশাহী ও বগুড়া সফর করে মাঠপর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সদরদপ্তর জানায়, নির্বাচনী দায়িত্বে থাকা সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয় ৩১ আগস্ট, এবং ২ সেপ্টেম্বর পর্যন্ত চলে ট্রেনিং অব ট্রেইনার্স কোর্স।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে, যাতে নির্বাচন হয় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে।
উল্লেখ্য, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) গত ৭ সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ লাইনসের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। চলমান প্রশিক্ষণ আগামী মধ্য জানুয়ারি পর্যন্ত চলবে। জাতীয় নির্বাচনকে ঘিরে পুলিশ সদস্যদের জন্য এ ধরনের প্রশিক্ষণ আয়োজন এটাই প্রথম।
স্বদেশ প্রতিদিন/ আরএফ