প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ২:২৪ পিএম আপডেট: ০৪.১১.২০২৫ ২:৩০ PM

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, “আমরা যে অঙ্গীকার নিয়ে এসেছিলাম বিচারের কাজ শুরু করবো সেটা শুরু করতে পেরেছি। আগামী সপ্তাহে খুনি-ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার হবে, আমরা একটি রায় পাবো। এতে জুলাই শহীদদের পরিবারের দীর্ঘদিনের ব্যথা কিছুটা হলেও লাঘব হবে।”
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহফুজ আলম বলেন, “আরও অনেকের ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া চলছে। ট্রাইব্যুনাল কার্যক্রম অব্যাহত রয়েছে। যারা ছাত্র জনতাকে হত্যা ও গুমের সঙ্গে জড়িত ছিলেন, তাদের সবারই বিচার হবে। পরবর্তী সরকারও এ বিচার কার্যক্রম এগিয়ে নেবে।”
তিনি আরও বলেন, “সংস্কার কাজে আমরা অনেক দূর এগিয়ে গেছি। দেশের রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছে জুলাই সনদে স্বাক্ষর করেছে এটা বাংলাদেশের জন্য একটি বড় অর্জন। এই ঐকমত্যের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন পর্বে প্রবেশ করেছে।”
ভবিষ্যৎ রাজনৈতিক সংস্কার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “জুলাই সনদ ও সংস্কার কার্যক্রমের মাধ্যমে পরবর্তী নির্বাচিত সরকার যদি এসব উদ্যোগ বাস্তবায়ন করতে পারে, তাহলে আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম, সেই লক্ষ্য অর্জিত হবে। যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে, থাকবে আইনের শাসন ও সুবিচার। গুম, খুন আর ফিরে আসবে না।”
স্বদেশ প্রতিদিন / কেআইকে