ঢাকা-১১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের পক্ষে গণমিছিল
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ২:১১ পিএম আপডেট: ০৪.১১.২০২৫ ২:৪৯ PM

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী ড. এম এ কাইয়ুমের পক্ষে বাড্ডা, রামপুরা ও হাতিরঝিল (আংশিক) এলাকায় ব্যাপক নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (৩ নভেম্বর) ২৩৭টি আসনে সম্ভাব্য বিএনপির এমপি প্রার্থীর নাম ঘোষণা করার পর সংশ্লিষ্ট আসন গুলোতে কর্মীদের মধ্যে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় বাড্ডা থেকে শুরু হওয়া গণমিছিল রামপুরা সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এ কর্মসূচিতে ভাটারা, বাড্ডা, রামপুরা ও হাতিরঝিল (আংশিক) থানার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
গণমিছিলে উপস্থিত নেতাকর্মীরা বলেন, ড. এম এ কাইয়ুম ভাইকে সংসদ সদস্য নির্বাচিত করে ঢাকা-১১ আসনকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত এলাকায় রূপান্তর করা হবে ইনশাআল্লাহ। এলাকার স্থায়ী শান্তি ও উন্নয়নে তার বিকল্প নেই।
এ সময় বক্তারা আরও বলেন, আগামী নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার নিশ্চিত করতে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই।
স্বদেশ প্রতিদিন/কেআইকে