প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ২:৩২ পিএম

সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেই তার রাজনৈতিক নির্বাচনযাত্রার ইতি টানছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৪ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, আর কোনো নির্বাচনে প্রার্থী হচ্ছেন না।
তিনি লিখেছেন, “এটিই আমার শেষ নির্বাচন।”
মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল ধৈর্যের আহ্বান জানিয়ে বলেন, হতাশ হওয়ার কারণ নেই। দলের প্রতি আস্থা রাখুন, আল্লাহ চাহে তো উপযুক্ত সময়েই আপনাদের সম্মান ও দায়িত্ব প্রদান করবে দল।
ফেসবুকে ফখরুল লেখেন, ‘মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে! আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং সকল নেতা এবং নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সকল কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আজীবন আমার সাথে থাকার জন্য!’
তিনি আরও লেখেন, ‘আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে! অনেকেই তা জানে না! আমি যখন ১৯৮৭ তে সিদ্ধান্ত নেই, আবার রাজনীতিতে ফিরব, আমার মেয়ে দুটো একদমই ছোট ছিলো! ঢাকায় পড়ত। আমার স্ত্রীর বয়স অনেক কম ছিলো! সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল! বুঝতে পারছিল কি ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছে! আমার মেয়ে দুটোর হাত ধরে সেই নিয়ে গেছে স্কুলে, ডাক্তারের কাছে! মনে পড়ে আমার বড় মেয়ের একটা অপারেশন হবে, আমি সারা রাত গাড়িতে ছিলাম, ঢাকার পথে! যাতে মেয়ের পাশে থাকতে পারি! এত কষ্ট হচ্ছিলো, আমি ছিলাম মসজিদে যখন তার অপারেশন হচ্ছিল!’
ফেসবুক পোস্টে মির্জা ফখরুল আরও উল্লেখ করেন, গোপনে জমে থাকা অনেক গল্প রয়েছে, আল্লাহ সুযোগ দিলে সেসব একদিন অবশ্যই জানাবো। তার মতে, শুধু তাঁর নয়—এমন অসংখ্য গল্প লুকিয়ে আছে দলের প্রতিটি কর্মী-নেতার জীবনে।
পোস্টের শেষে তিনি সবার প্রতি দোয়ার অনুরোধ জানিয়ে লেখেন, “আপনারা আমার জন্য এবং আমাদের দলের সব নেতাকর্মীর জন্য দোয়া করবেন। আমরা একসঙ্গে থেকে জনগণের কল্যাণে কাজ চালিয়ে যাবো—ইনশাআল্লাহ।”
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ