
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর গ্রামের নারী উদ্যোক্তা ফারজানা হোসাইন জেসি এখন এক অনন্য প্রেরণার নাম। সংসার ও সন্তানদের যত্ন নেওয়ার পাশাপাশি তিনি অনলাইনে কেক বিক্রি করে গড়ে তুলেছেন নিজের স্বপ্নের পথ। পরিশ্রম, সাহস আর আত্মবিশ্বাসকে সঙ্গী করে ফারজানা আজ হয়েছেন সফল নারী উদ্যোক্তা, যিনি এখন অন্যদের অনুকরণীয় দৃষ্টান্ত।
দুই সন্তানের জননী ফারজানা শুরুতে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছিলেন। কেউ কেউ বলেছিলেন, “এই পেশায় টিকে থাকা কঠিন।” কেউ আবার নিরুৎসাহিতও করেছিলেন। কিন্তু তিনি থেমে যাননি। ফারজানা বলেন, “শুরুর দিকে পুঁজির অভাব ও অভিজ্ঞতার অভাব ছিল। তবে নিজের পরিশ্রম আর ধৈর্যের ওপর ভরসা রেখে এগিয়ে গিয়েছিলাম।”
ইউটিউব ও বিভিন্ন অনলাইন কোর্স থেকে কেক তৈরির কৌশল শেখেন তিনি। ধীরে ধীরে নতুন নতুন আইডিয়া যুক্ত করে কেক বানানো শুরু করেন। পরিবারের সহযোগিতা পেতে শুরু করলে ফারজানা গড়ে তোলেন নিজস্ব ফেসবুক পেইজ ‘মালিহা কেক কর্ণার’। এখান থেকেই তিনি বিভিন্ন কেকের অর্ডার গ্রহণ করেন এবং নিজের হাতে তৈরি করে সরবরাহ করেন গ্রাহকদের কাছে।
জন্মদিন, বিয়ে, বেবি শাওয়ারসহ নানা অনুষ্ঠানের জন্য কাস্টমাইজড কেক তৈরি করেন ফারজানা। তার তৈরি কেকের মধ্যে রয়েছে চকলেট ফাজ, রেড ভেলভেট, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট, ফ্রুট কেকসহ বাটারক্রিম ও ফন্ড্যান্ট ডিজাইনের কেক। মান বজায় রাখার পাশাপাশি ক্রেতার চাহিদা অনুযায়ী স্বাদ ও ডিজাইনে বৈচিত্র্য আনেন তিনি।
প্রায় এক বছর ধরে অনলাইনে কেক বিক্রি করছেন এই নারী উদ্যোক্তা। বর্তমানে মাসে গড়ে ৩০ থেকে ৩৫ ফাউন্ড কেক বিক্রি করেন তিনি। ইতোমধ্যে তার গ্রাহক সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। তার ফেসবুক পেইজে ক্রেতাদের ইতিবাচক রিভিউ প্রমাণ করে, ফারজানা শুধু ভালো কেকই তৈরি করেন না, বরং গ্রাহকদের আস্থা ও ভালোবাসাও অর্জন করেছেন।
একজন নিয়মিত ক্রেতা জানান, “ফারজানার কেক শুধু দেখতে নয়, খেতেও অসাধারণ। সময়মতো ডেলিভারি দেন, আর তার ব্যবহারও অত্যন্ত আন্তরিক।”
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ফারজানা বলেন, “আগামীতে আমি আমার এলাকার নারীদের কেক তৈরির প্রশিক্ষণ দিতে চাই। যেন তারা ঘরে বসে আয় করতে পারে ও স্বাবলম্বী হতে পারে। এতে পরিবারের পাশাপাশি সমাজেও নতুন উদ্যোক্তা তৈরি হবে।”
ডিজিটাল যুগে অনলাইন ব্যবসায় টিকে থাকা সহজ নয়। প্রতিদিন বাড়ছে প্রতিযোগিতা, বদলে যাচ্ছে ক্রেতার রুচি। তবুও ফারজানা হোসাইন জেসি প্রমাণ করেছেন— মনোবল, অধ্যবসায় ও পরিশ্রম থাকলে কোনো বাধাই নারীর অগ্রযাত্রাকে থামাতে পারে না।
তার ‘মালিহা কেক কর্ণার’ আজ শুধুমাত্র একটি অনলাইন কেক বিক্রির পেইজ নয়, বরং এক নারীর আত্মবিশ্বাস, সংগ্রাম ও সফলতার প্রতীক।
স্বদেশ প্রতিদিন / কেআইকে