প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৪:১৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসদরের বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি চায়ের দোকান ও দুটি গুদামের নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্য পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
সোমবার (৩ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে পৌর এলাকার সোনালী ব্যাংক সংলগ্ন জামাল মিয়া মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, মার্কেটের একটি গুদামে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়।
মার্কেটের মালিক জামাল মিয়া জানান, “গুদামগুলোতে পাইকারি ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত ছিল। আগুনে নারায়ন শাহ, স্বপন চন্দ্র সাহা ও আক্তার হোসেনসহ কয়েকজন ব্যবসায়ীর দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।”
নবীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেবব্রত সরকার বলেন, “স্থানীয়দের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে পানি টেনে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে একটি দোকান ও দুটি গুদাম সম্পূর্ণ পুড়ে গেলেও আশপাশের দোকান ও সোনালী ব্যাংক শাখা অক্ষত রয়েছে এটা আল্লাহর অশেষ রহমত।”
অগ্নিকাণ্ডে বড় ধরনের প্রাণহানি না ঘটলেও ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে