ম্যানসিটির তারকা আরলিং হল্যান্ডকে আরো চার-পাঁচ ম্যাচ গোল না করলেও চিন্তা করতে হচ্ছে না। কারণ লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে কারো পক্ষে তাকে পেছনে ফেলা যে কঠিনের কাতারেই পড়ছে। এবার ১০ ম্যাচে করে ফেলেছেন ১৩ গোল।
গতকাল রবিবার (২ নভেম্বর) বোর্নেমাউথের বিপক্ষে সবশেষ দুটি গোল করেছেন নরওয়েজিয়ান তারকা।
ইতিহাদে ১৭ মিনিটে প্রথম গোল করার পর ফের জালের দেখা পান ৩৩ মিনিটে। তাতে ম্যানচেস্টারের ক্লাবটি জিতেছে ৩-১ গোলে, অন্য গোলটি নিকো ও’রেলির। এই জয় দিয়ে কঠিন সময় পেছনে ফেলে সিটি উঠে এসেছে টেবিলের দ্বিতীয় স্থানে, ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে তাদের ব্যবধান ৬ পয়েন্টের।
এক অর্থে এটা সিটির ঘুরে দাঁড়ানো। কারাবো কাপে আগের ম্যাচে সোয়ানসি সিটির বিপক্ষে জিতলেও লিগ ম্যাচে হেরেছিল অ্যাস্টন ভিলার কাছে। সব মিলিয়ে ১০ ম্যাচে তাদের ৩ হার, ড্র একটি। এই দলটিকে শিরোপার দাবিদার ভাবছেন কোচ পেপ গার্দিওলা।
সংবাদ সম্মেলনে পেপ গার্দিওলা বলেন, “আশা করি আর্সেনাল একদিন গোল খাবে। আমাদের শক্তি নেই, আছে। ক্লাব বিশ্বকাপের পর থেকেই আমার মধ্যে এই অনুভূতি যে আমরা আছি (শিরোপার দৌড়ে)। মাত্র ১০ ম্যাচ, আরো ২৮টা খেলতে হবে। অনেক কিছুই ঘটতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হলো ভালো থেকে আরও ভালো হওয়া।”
গার্দিওলা আরো বলেন, “এটা হলো আপনার মেসি-রোনালদোর সঙ্গে খেলার মতো। তার (হল্যান্ড) প্রভাব অনেক বড়। ওই লোকটার সংখ্যা দেখেছেন? অবশ্যই সে ওই লেভেলের (মেসি-রোনালদো)। মেসি-রোনালদো এটা করেছে ১৫ বছর ধরে, এটাই লেভেল...।”
এদিকে গতকালের ম্যাচের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নরওয়েজিয়ান তারকা ফুটবলারকে শুভ কামনা জানিয়ে নানা পোস্ট এবং মন্তব্য করে যাচ্ছেন তার ভক্ত ও সমর্থকরা।