| শিরোনাম: |

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় রফিকুল মোল্লা নামে এক স্থানীয় কৃষককে তুলে নিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। অভিযোগ, তাকে জোর করে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ হিসেবে স্বীকার করানোর চেষ্টা করা হয়।
শনিবার (১ নভেম্বর) সকালে হাটখোলা গ্রামের একটি চায়ের দোকানে বসে ছিলেন রফিকুল। স্থানীয় সূত্রে জানা গেছে, এ সময় কয়েকজন বিএসএফ সদস্য সেখানে গিয়ে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যান এবং দীর্ঘ সময় আটকে রাখেন।
ভুক্তভোগী রফিকুল বলেন, “চায়ের দোকানে বসে ছিলাম। হঠাৎ কয়েকজন বিএসএফ সদস্য এসে আমাকে ধরে নিয়ে যায়। পরে তারা জিজ্ঞাসাবাদের নামে আমাকে মারধর করে এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছি—এটা স্বীকার করাতে চাপ দেয়। আমি অস্বীকার করলে পায়ে শিকল বেঁধে বেধড়ক পেটায়।”
গুরুতর আহত অবস্থায় রফিকুল বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় স্থানীয় চাপড়া থানায় ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে।
নদীয়ার ডিএসপি শিল্পী পাল জানান, “বিএসএফের কোম্পানি কমান্ডার ও এক সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত শুরু করেছি। কোম্পানি কমান্ডারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে, তবে তিনি বর্তমানে আসামে অবস্থান করছেন।”
বিএসএফের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। ঘটনাটি সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করেছে, বিশেষ করে এমন এক সময় যখন পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন ঘিরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ