প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১২:২৮ পিএম

রাষ্ট্রপতির বাসভবন (বঙ্গভবন) থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামানোটা অন্যায় হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতিমণ্ডলীর সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম।
শুক্রবার(৩১অক্টোবর) ঢাকার তোপখানা রোডে বিএমএ মিলনায়তনে ‘প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক সম্মেলনে’ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সেলিম বলেন, মুজিবের ছবি বঙ্গভবন থেকে নামিয়ে দিয়েছে এটা খুব অন্যায় কাজ করেছে। মুজিবের ছবি থাকবে, পাশে ভাসানী, কর্নেল তাহেরসহ মণি সিংহের ছবিও রাখতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকারকে নিরপেক্ষ সরকারের মতো আচরণ করতে হবে৷ সমস্ত দলীয় সংযোগ অবিলম্বে ছিন্ন করে দিতে হবে। তা না হলে এই সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে না। এটা জনগণ বোঝে।
তিনি আরও মন্তব্য করে বলেন, বৈষম্যের বিরোধিতা করে অভ্যুত্থান হলেও এক ইঞ্চি বৈষম্য দূর হয়নি, সম্ভাবনা এবং সংকটের এক দোলাচলের ভেতরে চলছি আমরা। নানা ক্ষেত্রে বৈষম্য আছে। যার মধ্যে অর্থনৈতিক বৈষম্য প্রধান।
আমি ইউনূস সাহেবকে প্রশ্ন করতে চাই, দেড় বছর পার হয়ে যাচ্ছে, কি বৈষম্য দূর করেছেন?
হিসাব তো বলে, ইউনূস সাহেব আসার পর দরিদ্র মানুষের সংখ্যা আরো বেড়েছে। দেশে যদি শোষণ আর বৈষম্য বহাল থাকে, অর্থনৈতিক অবস্থা যদি এ রকমই হয় যে গরিবের সম্পদ খালি বড়োলোকের কাছে যেতে থাকবে, তাহলে শোষণ আর বৈষম্য কমবে না।
স্বদেশ প্রতিদিন/এমএস