প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৪:৩৬ AM

অবৈধ পথে ভারতে গিয়ে সেখানকার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে তুলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা সীমান্ত এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বুঝে নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির কুমিল্লার (১০ ব্যাটালিয়নের) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ গণমাধ্যমকে বলেন, তাদের মধ্যে ৯ জন নারী, ৯ জন পুরুষ ও একজন শিশু রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজিবি আরও জানায়, বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে পাড়ি দিয়ে সে দেশের পুলিশের হাতে গ্রেপ্তার হন ১৯ বাংলাদেশি। সেখানে বিভিন্ন মেয়াদে জেলও খেটেছেন তারা। গত ২৫ অক্টোবর এসব বাংলাদেশিকে ফেরত নেওয়ার বিষয়ে জানায় বিএসএফ।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন বলেন, বিজিবি যাদের হস্তান্তর করেছে তাদের অধিকাংশের বাড়ি খুলনা ও যশোর অঞ্চলে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিজিবি বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হবে।
স্বদেশ প্রতিদিন/ এমএস