প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৯:৫৪ পিএম আপডেট: ৩০.১০.২০২৫ ১০:১১ PM

মাদারীপুরের শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের মির্জারচর শিকদার কান্দি এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে একটি ঘর ভাঙচুর ও এক নারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মির্জারচর গ্রামের আব্দুল জলিল শিকদার গত ৯ মার্চ ২০২৫ তারিখে উমেদপুর ইউনিয়নের চর কমলাপুর গ্রামের শাজাহান শিকদারসহ কয়েকজনের বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১৬ অক্টোবর আদালত ইউনিয়ন ভূমি অফিসারের মাধ্যমে উক্ত জমিতে ১৪৪/১৪৫ ধারা জারি করেন।
অভিযোগ রয়েছে, নিষেধাজ্ঞা চলমান থাকা সত্ত্বেও গত ২২ অক্টোবর চর কমলাপুর গ্রামের আব্দুল ওয়াহেদ ওরফে আব্দুল হক শিকদার ও শাজাহান শিকদারের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাচ্চু শিকদারের অটোভ্যান চার্জ দেওয়ার জন্য নির্মিত একটি ছোট ঘর ভেঙে ফেলে।
এ সময় বাচ্চু শিকদারের স্ত্রী বাধা দিলে তাকে মারধর ও হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে তিনি আহত হন। ঘটনার পর ভুক্তভোগী বাচ্চু শিকদার শিবচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাচ্চু শিকদার দীর্ঘদিন ধরে উক্ত স্থানে ঘরটি ব্যবহার করতেন। কিন্তু প্রশাসনিক নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও প্রভাবশালী মহলের সহায়তায় জোরপূর্বক ঘরটি ভেঙে নেওয়া হয়েছে। এছাড়া সাংবাদিকরা বিষয়টি জানতে চাইলে অভিযুক্তদের পক্ষ থেকে অসৌজন্যমূলক আচরণ ও সংবাদ প্রকাশ না করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে