বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া সুপারিশ একপেশে এবং তা জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে মির্জা ফখরুল এসব কথা বলেন।
জুলাই সনদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। যেকোনো আদেশ রাষ্ট্রপতি স্বাক্ষরিত হতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার নেই।”
রাজনৈতিক দলগুলোর প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, “যেসব দফায় সবাই সম্মত হয়েছিল, তার মধ্যে কিছু দফাকে অগোচোরেই পরিবর্তন করা হয়েছে। দফা অনুযায়ী প্রস্তাবনাগুলো ২৭০ দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে, তা গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীত।”
গণতন্ত্রের রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, “ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশে প্রতীয়মান হয় দীর্ঘ এক বছরব্যাপী সংস্কার কমিশন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা।”
এছাড়াও গণভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক, অবিবেচনাপ্রসূত। প্রয়োজনে বিষয়টি নিয়ে আমরা প্রধান উপদেষ্টার কাছে যাবো।”