প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১১:৫০ AM

সংগৃহীত ছবি
ঢাকার একটি আদালত প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহ হত্যার মামলায় তার স্ত্রী সামিরা হকের মা লতিফা হক লিও, ওরফে লুসি (৭১)-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন।
লুসি মামলার এজহারনামীয় তিন নম্বর আসামি। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এই নির্দেশ দেন। এর আগে ২৭ অক্টোবর সালমান শাহের স্ত্রী সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়। ফলে এ মামলায় তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা কার্যকর হলো।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যুর পর রমনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এরপর ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর মামলাটি দায়ের করেন। মামলায় সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়েছে। অভিযোগ আনা হয়েছে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায়।
মামলার অন্যান্য আসামিদের মধ্যে আছেন শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, সামিরার মা লুসি, খলনায়ক আশরাফুল হক ডন, ডেবিড, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ফরহাদ (১৭)। এছাড়া অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।
মামলায় বাদীপক্ষের অভিযোগ, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের সঙ্গে দেখা করতে নিলুফার জামান চৌধুরী, তার স্বামী কমর উদ্দীন আহমদ চৌধুরী ও তাদের ছোট ছেলে শাহরান শাহ নিউ ইস্কাটনের বাসায় গেলে জানতে পারেন, সালমান ঘুমাচ্ছেন।
সূত্র: বাসস