এনসিপি এককভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ বুধবার (২৯ অক্টোবর) বিকেলে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “ঐকমত্য কমিশনের সবশেষ দুটি সিদ্ধান্তের মধ্যে প্রথম প্রস্তাবকে সমর্থন জানাই। সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত হলে সনদে স্বাক্ষর করবো।”
নির্বাচন কমিশনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ উল্লেখ করে তিনি বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হলে জুলাই সনদের বিষয়গুলো চূড়ান্ত করতে হবে।”
সংবিধান সংস্কার বিষয়ে তিনি বলেন, “গণভোট হলে পরবর্তী সরকারের জন্য সংবিধান সংস্কার করা দায়িত্ব। পরবর্তী সরকারের জন্য নির্ধারিত সময়ে ঐকমত্য কমিশনের প্রস্তাব পাস না হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সংশোধন হওয়ার সিদ্ধান্ত সঠিক।”
জনগণের মাঝে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “কেউ যদি মনে করে একক সরকার গঠন করবে, সেই সরকার টেকানো সম্ভব হবে না। এনসিপি এককভাবেই আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। পুরোনো দলগুলোর প্রতি জনগণের অনীহা আছে।”
জাতীয় ঐক্য প্রয়োজন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, “সনদ বাস্তবায়ন, সংস্কার ও বিচার না হলে জাতীয় সংসদ নির্বাচনের সুযোগ নেই। দেশে সামাজিক ফ্যাসীবাদের উত্থান হয়েছে।”