কুমিল্লার তিতাসে ২০২৫-২৬ অর্থবছরে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া মমিন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৯টি ইউনিয়নের মোট ৫০০ জন কৃষকদের মধ্যে ৪৬০ জন কৃষককে বিনামূল্যে শরিষা বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি এবং ৪০ জন কৃষককে ৫ কেজি মুসুরি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি করে প্রদান করা হয়।
উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন বলেন, “ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের স্বল্প খরচে অধিক ফলনের সুযোগ করে দিতেই এ প্রণোদনা দেওয়া হয়েছে।” পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন বলেন, “সরকার কৃষির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই প্রণোদনা শুধুই সহায়তা নয়, বরং এটি কৃষকদের আত্মনির্ভরশীল করে তুলতে সহায়ক।”