ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপসের আহ্বানে উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা ও পৌর যুবদলের যৌথ আয়োজনে আলিবাদ গোলচত্তর থেকে নজরকাড়া একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সরকারি পাইলট স্কুল প্রাঙ্গণে গিয়ে সমাবেশে পরিণত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল বারীর সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহ্বায়ক আলী আজ্জমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিছুল রহমান মঞ্জু, সাবেক পৌর মেয়র মাইন উদ্দিন মাইনু, জেলা বিএনপির সদস্য হাজি আবু সাঈদ ও হযরত আলী, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল, উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব রুবেল আকরাম, রাজু খান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ ও কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছামদানী হৃদয়সহ বিএনপি, যুবদল ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
বক্তারা বলেন, “সাবেক যুবদলের সভাপতি মফিজুর রহমান মুকুল গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
তারা বিএনপির মনোনয়নপ্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “তাপস মানবিক নেতার পরিচয় দিয়েছেন-তিনি আহত মুকুলকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন এবং প্রয়োজনে ব্যাংককে উন্নত চিকিৎসার ব্যবস্থাও করবেন বলে ঘোষণা দিয়েছেন। এমন নেতৃত্ব পাওয়া নবীনগরের মানুষের জন্য সৌভাগ্যের বিষয়।”
শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।