প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৮:৩৬ পিএম

সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দি অবস্থায় এনায়েতপুর থানা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু (৮০) মারা গেছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত আহমদ মোস্তফা খান বাচ্চু সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর দরবার শরীফ এলাকার বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং স্থানীয়ভাবে প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন।
সিরাজগঞ্জ জেলা কারাগারের জেলার এস. এম. কামরুজ্জামান জানান, বাচ্চু গত ২৪ এপ্রিল থেকে কারাগারে বন্দি ছিলেন। মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সকাল ১০টা ৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কারা সূত্রে জানা যায়, চলতি বছরের জুলাই মাসে সরকারবিরোধী আন্দোলনের সময় এনায়েতপুর এলাকায় সংঘটিত সহিংসতার ঘটনায় থানায় হামলা ও ১৫ পুলিশ সদস্য হত্যাসহ চারটি হত্যা মামলার আসামি ছিলেন আহমদ মোস্তফা খান বাচ্চু। এসব মামলায় তিনি কারাভোগ করছিলেন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এনায়েতপুর ও চৌহালী এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক সহকর্মী ও অনুসারীরা হাসপাতাল ও বাড়িতে ভিড় করেন। অনেকে তার মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং পরিবার চাইলে নিজ গ্রামে জানাজা ও দাফনের ব্যবস্থা করা হবে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে