প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৭:৫৬ পিএম আপডেট: ২৮.১০.২০২৫ ৮:০৫ PM

সংগৃহীত ছবি
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের হাতে সোমবার একটি কফিন হস্তান্তর করেছে, যাতে একটি ইসরায়েলি জিম্মির বাকি মরদেহ ছিল। এই মরদেহের অংশ ইসরায়েলি সেনারা ২০২৩ সালের নভেম্বরে গাজা থেকে উদ্ধার করেছিল।
হামাস নতুন কোনো জিম্মির মরদেহ না দিয়ে আগের ব্যক্তির দেহাংশ ফেরত দেওয়ায় ইসরায়েল ক্ষুব্ধ। তাদের দাবি, হামাস যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে।
এই পরিস্থিতিতে আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জরুরি বৈঠকে বসেন। বৈঠকে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন, সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে।
দখলদার ইসরায়েলের এক কর্মকর্তা দাবি করেছেন, হামাস যুদ্ধবিরতির শুরু থেকে নিয়মিত লঙ্ঘন করছে। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
উল্লেখ্য, যুদ্ধবিরতি শুরু হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে ইসরায়েল গাজায় একদিন হামলা চালিয়ে প্রায় ৫০ ফিলিস্তিনি হত্যা করেছিল। এছাড়া চুক্তি অনুযায়ী মিসর-গাজা সীমান্তবর্তী রাফা ক্রসিং খুলে দেওয়ার কথা থাকলেও এটি এখনও করা হয়নি।
ফেরত দেওয়া কফিনে থাকা মরদেহের নাম অফির তাজাফাতি। ২০০৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা তাকে জিম্মি নেয়। এক মাস পর ইসরায়েলি সেনারা তার দেহের কিছু অংশ উদ্ধার করতে সক্ষম হয়, যা পরিবারের কাছে হস্তান্তরিত হয়েছিল। নতুন করে বাকি অংশ ফেরত দেওয়ায় ইসরায়েলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল