প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৮:১৯ পিএম

জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে হঠাৎ প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি অনুভব করলে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তিনি ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন এবং একই সঙ্গে একটি মাইল্ড হার্ট অ্যাটাকও করেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে তিনি নিউরোলজি, কার্ডিওলজি ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। সাধারণত এ ধরনের রোগীকে ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়, এরপর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলে পরবর্তী চিকিৎসা নির্ধারণ করা হবে।
একসময় নাটক ও চলচ্চিত্রে নিয়মিত মুখ ছিলেন হাসান মাসুদ। ‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’, ‘বাতাসের ঘর’সহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। তবে দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে সরে ছিলেন এই অভিনেতা।
সম্প্রতি পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে মন্তব্য করার পর আবার আলোচনায় আসেন তিনি। এরপর এক সাক্ষাৎকারে জানান, অভিনয়ে ফেরার ইচ্ছে নেই; বরং তিনি চাকরি খুঁজছেন। তাঁর ভাষায়, “আমি এখন একটা জব খুঁজছি। সেটা সাংবাদিকতা হতে পারে, প্রশাসনিক কাজও হতে পারে। ভালো অফার পেলে আবার সাংবাদিকতায় ফিরতেও পারি।”
হাসান মাসুদ ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৯২ সালে ক্যাপ্টেন পদ থেকে অবসর নেন। এরপর ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন এবং ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিবিসি বাংলা বিভাগে কর্মরত ছিলেন।
সাংবাদিকতা শেষে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে অভিনয়ে আসেন তিনি। পরে ‘মেড ইন বাংলাদেশ’সহ আরও কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন এবং ছোটপর্দায়ও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ