প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ২:১০ পিএম

হাতিয়ায় ব্যবসায়ীর বাড়িতে চেতনানাশক ছিটিয়ে ভয়াবহ ডাকাতি
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় চেতনানাশক স্প্রে ছিটিয়ে এক ব্যবসায়ীর বাড়িতে সংঘটিত হয়েছে দুর্ধর্ষ ডাকাতি। অচেতন করে পুরো পরিবারকে ঘুম পাড়িয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নেয় দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর রাতে চরকিং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোল্লা বাড়িতে। ভুক্তভোগী কামরুল ইসলাম হাতিয়া সুপার মার্কেটের ব্যবসায়ী ও ‘ইনসাফ বস্ত্র বিতান’-এর মালিক।
পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে চেতনানাশক স্প্রে ছিটিয়ে সবাইকে অচেতন করে ফেলে। এরপর তারা ঘরে থাকা প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা নগদ, ৯ ভরি স্বর্ণালংকার ও দুটি স্মার্টফোনসহ আনুমানিক ২০ লাখ টাকার মালামাল লুট করে নেয়।
ভুক্তভোগী কামরুল ইসলাম বলেন, “রাতে অসুস্থ আত্মীয়কে দেখে বাসায় ফিরেই ঘুমিয়ে পড়ি। ভোরে মেয়ের চিৎকারে ঘুম ভেঙে দেখি পুরো ঘর তছনছ। স্ত্রীর গয়না, নগদ টাকা, মোবাইল—সব কিছু উধাও। সবাইকে ডাকার পরও কেউ জেগে উঠছিল না, তখনই বুঝি আমাদের অজ্ঞান করা হয়েছে।
চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদ বলেন, “এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হতে হবে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সাম্প্রতিক সময়ে হাতিয়ার বিভিন্ন এলাকায় চুরি ও অজ্ঞান পার্টির তৎপরতা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ