প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৬:১৯ পিএম

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) মশাবাহিত এ রোগে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৮৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে—ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, ঢাকার বাইরে ঢাকা বিভাগে ১৭১ জন, চট্টগ্রাম বিভাগে ১১১ জন, বরিশাল বিভাগে ১৪১ জন, খুলনা বিভাগে ৬২ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪১ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ৯৭০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৬৩ হাজার ৪১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ