প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৪:২৪ পিএম

ন্যাশনাল কনসেন্সাস পার্টি (এনসিপি) কে শাপলা প্রতীক না দেওয়ার পেছনে নানা টালবাহানা ও অযৌক্তিক কারণ দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা অবশ্যই প্রতীক হিসেবে শাপলা চাই। শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে এনসিপি অংশ নেবে। যেহেতু আইনগত বাধা নেই, আমরা আমাদের ন্যায্য অধিকার হিসেবে শাপলা প্রতীক আদায় করে নেব।”
সারজিস আলম আরও বলেন, “আমরা কোনো স্বেচ্ছাচারিতাকে প্রশ্রয় দেব না। সেই কারণেই আমরা জুলাই সনদে স্বাক্ষর করিনি, কারণ এর আইনগত ভিত্তি এখনো পরিষ্কার নয়। জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে এনসিপি কখনো জুলাই সনদে স্বাক্ষর করবে না।”
তিনি বলেন, “আমরা মনে করি, অভ্যুত্থান–পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর চাওয়া–পাওয়া শুধুমাত্র নির্বাচনকেন্দ্রিক হওয়া উচিত নয়। আমরাও চাই গণতান্ত্রিক প্রক্রিয়া টিকে থাকুক। নির্বাচন ফেব্রুয়ারিতেও হলে কোনো আপত্তি নেই।”
সভায় তিনি আরও ঘোষণা দেন, আজ থেকেই জেলা পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন শুরু করবে এনসিপি। আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলছে।
সভায় সভাপতিত্ব করেন এনসিপি টাঙ্গাইল জেলার প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল। বক্তব্য রাখেন ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/কেআইকে