রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আমরণ অনশনে অংশ নেওয়া ৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন ইতোমধ্যে। এবং তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রাবির চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এনামুল হকের অপসারণ দাবিতে শিক্ষার্থীরা এই আমরণ অনশন কর্মসূচি পালন করছেন বলে জানা যায়।
আজ সোমবার (২৭ অক্টোবর) সকালে প্রশাসনিক ভবনের গেটের সামনে অবস্থান নিয়ে অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।
অসুস্থ শিক্ষার্থীরা হলেন- সুমন আলী মণ্ডল, সাদিক হাসান, ইমন হোসেন ও ইলমুল মুনতাহা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গিয়েছে।
গতকাল রবিবার দুপুর থেকে ৫ শিক্ষার্থী প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশন শুরু করেন। অনশনের আগে টানা চারদিন ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিভাগটি ‘শাটডাউন’ কর্মসূচি পালন করে। উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের সঙ্গে শিক্ষার্থীরা আলোচনা করলেও কোনো আশ্বাস না পাওয়ায় তারা অনশনে বসেন বলে জানা যায়।
শিক্ষার্থীরা বলেন, “আমাদের এক দফা দাবি বহিরাগত চেয়ারম্যান অপসারণ করে চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের মধ্য থেকেই নতুন চেয়ারম্যান নিয়োগ দিতে হবে।”
উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, “সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে। আজ দুপুর ১২টায় বিষয়টি নিয়ে মিটিং রয়েছে, সেখানে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।”
তবে এই বিষয়টিকে কেন্দ্র করে ক্যাম্পসজুড়ে চলছে নানা আলোচনা এবং সমালোচনা।