প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৩:৩৬ AM

‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মেলান্দহে বাংলাদেশ গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর ) সন্ধ্যা ৭টার দিকে মেলান্দহ উপজেলা অডিটোরিয়াম চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মেলান্দহ বাজারের তিন রাস্তার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের মনোনয়নপ্রত্যাশী ও জামালপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি লিটন মিয়া, মেলান্দহ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব শাহিন আলম, উপজেলা যুব অধিকার পরিষদের নেতা হারুনুর রশিদ জামিরা, সাংগঠনিক সম্পাদক মো. হিমেল এবং উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. অলিউল্লাহ ইসলাম।
অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে গণঅধিকার পরিষদ সাধারণ মানুষের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা যে কোনো বাধা, দমন-পীড়ন বা ষড়যন্ত্র উপেক্ষা করে গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ প্রতিষ্ঠায় অটল রয়েছে। চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের নেতাকর্মীরা নতুন উদ্যম ও প্রত্যয়ে জনগণের অধিকার আদায়ে কাজ চালিয়ে যাবেন।
মনোনয়নপ্রত্যাশী লিটন মিয়া বলেন, “গণঅধিকার পরিষদের প্রতিটি কর্মীর লক্ষ্য দেশের মানুষের অধিকার নিশ্চিত করা। আমরা অন্যায়ের বিরুদ্ধে, জনগণের ভোটাধিকার ও ন্যায়ের পক্ষে সবসময় ঐক্যবদ্ধ আছি এবং ভবিষ্যতেও থাকবো।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে