প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৮:৫৭ পিএম

সংগৃহীত ছবি
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে নিহত হয়েছেন আবুল কালাম (৩৫) নামের এক তরুণ ব্যবসায়ী।
নিহত আবুল কালাম শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের জলিল চোকদারের ছেলে। তিনি নড়িয়া উপজেলার মোক্তারের চর এলাকার ইশ্বর কাঠি গ্রামের মৃত জলিল চোকদারের ছেলে। আবুল কালাম স্ত্রী সন্তান নিয়ে নারায়ণগঞ্জের পাঠান টুলি এলাকায় বসবাস করতেন। পারিবারিক জীবনে তিনি এক পুত্র ও এক কন্যাসন্তানের জনক। তার ছেলে আব্দুল্লাহর বয়স ৫ বছর এবং মেয়ে সুরাইয়া আক্তারের বয়স ৩ বছর।
আজ রবিবার (২৬ অক্টোবর) দুপুরে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আবুল কালাম আজাদের মৃত্যুর খবর পরিবারের স্বজনরা জানান ফেসবুক এর মাধ্যমে জানতে পারেন। এ খবর শুনে নিহতের বাড়িতে ছুটে আসেন স্বজন ও এলাকাবাসী।
নিহতের চাচাতো ভাই আব্দুল গণি চোকদার বলেন, আবুল কালাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ট্র্যাভেল এজেন্সি পরিচালনা করতেন।
ব্যবসায়িক কাজে নিয়মিত ফার্মগেট এলাকায় যাতায়াত করতেন বলে জানান স্বজনরা।
আব্দুল গণি চোকদার আরও বলেন, আবুল কালাম খুব পরিশ্রমী ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। নিজের চেষ্টায় ঢাকায় ব্যবসা দাঁড় করিয়েছিলেন। এমন আকস্মিক মৃত্যু আমাদের জন্য এক অসম্ভব বেদনার বিষয়। সরকারের অবহেলার কারণে আমার ভাই মারা গেল। এখন তার পরিবারে দায় দায়িত্ব কে নেবে?
ঢাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ গ্রামের বাড়িতে এনে দাফন করা হবে জানিয়েছে পরিবার। তবে এই ঘটনায় মেট্রোরেল কর্তৃপক্ষকে দায়ী করে ক্ষতিপূরণ দাবি করেন তারা।