প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৫:০১ পিএম আপডেট: ২৫.১০.২০২৫ ৫:৩৩ PM

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। শিগগিরই তারা এসে ঘটনাস্থল পরিদর্শন ও নমুনা সংগ্রহ করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানে থাকা বিপুল পরিমাণ কেমিক্যালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে দাহ্য পদার্থ বেশি থাকায় নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। বিমানবন্দরের নিজস্ব চারটি ইউনিট রয়েছে। আমরা আশা করেছিলাম তাদের উদ্যোগে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসবে। কিন্তু দাহ্য পদার্থের আধিক্য এবং বাতাসের কারণে আগুন নেভাতে সময় লেগেছে।
তিনি আরও বলেন, বিশেষজ্ঞ দলটি ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে বৈজ্ঞানিকভাবে অনুসন্ধান চালাবেন। আগুনের প্রকৃত কারণ কী ছিল এবং এতে কারো দায় আছে কি না, তা তারা নির্ণয় করবেন।
স্বদেশ প্রতিদিন/রাফি