প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৩:০৯ পিএম

সংগৃহীত ছবি
পতাকা বৈঠকের মাধ্যমে মেহেরপুরের দুটি সীমান্ত দিয়ে ৬০ জন বাংলাদেশি নারী-পুরুষকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ শনিবার (২৫ অক্টোবর) সকালে গাংনী উপজেলার কাজিপুর ও কাথলি সীমান্তের শূন্যরেখায় এ হস্তান্তর সম্পন্ন হয়। পরে বিজিবি তাদের হেফাজতে নেয়।
বিজিবির সূত্র জানায়, বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করা এসব বাংলাদেশি ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে কারাভোগ করছিলেন। কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ায় তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।
কাজিপুর সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকে অংশ নেন বিএসএফের গান্দিনা ক্যাম্পের ইনস্পেক্টর এবিসন ফ্রাংকো এবং বিজিবি কাজিপুর ক্যাম্পের সুবেদার শাহাবুদ্দিন।
হস্তান্তরকৃত ব্যক্তিদের অধিকাংশই ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে গাংনী থানা পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল বলেন, “যথাযথ যাচাই-বাছাইয়ের পর তাদের স্বজনদের কাছে ফেরত দেওয়া হবে।”