
নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশায় ছিনতাইয়ের চেষ্টা ও চালককে ছুরিকাঘাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশের পর থেকে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
ভিডিওতে দেখা যায়, দ্রুতগতিতে ছুটে চলা একটি সিএনজির পেছনে এক ব্যক্তি ঝুলছেন—ধারণা করা হচ্ছে তিনি চালক। এ সময় অটোরিকশার ভেতরে থাকা দুজন ব্যক্তি দরজা খুলে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাতের চেষ্টা করছে। চালক জীবন বাঁচাতে অটোরিকশার পেছনে ঝুলে থেকে দিক পরিবর্তন করে প্রতিরোধের চেষ্টা করছেন।
ঘটনাটি বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১টার দিকে ঘটে বলে জানা গেছে। কক্সবাজারগামী এক যাত্রী, নাজির উদ্দিন শাহ, ঘটনাটি তার মোবাইল ফোনে ধারণ করে নিজের ফেসবুক পেজে পোস্ট করেন। তিনি পোস্টের ক্যাপশনে লেখেন, ঘটনাটি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় ঘটেছে। ভিডিওটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ভিডিও ভাইরাল হওয়ার পর কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ তদন্তে নামে। তবে এখনো পর্যন্ত ঘটনার সুনির্দিষ্ট অবস্থান ও সংশ্লিষ্টদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ বলেন, “ভিডিওটি আমরা পেয়েছি এবং সেটি যাচাই করছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। ঘটনাস্থল শনাক্ত ও জড়িতদের চিহ্নিত করতে কাজ চলছে।”
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, “প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি ছিনতাইয়ের ঘটনা। ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে, ছিনতাইকারীরা অটোরিকশা দখল নিতে চাইলে চালক পেছনে ঝুলে পড়েন। পরে তারা তাকে ছুরি মেরে নামানোর চেষ্টা করে। একপর্যায়ে দেখা যায়, একজন ছিনতাইকারী তাকে একটি মোবাইল ফোন ফেরত দিচ্ছে।”
তিনি আরও বলেন, “মদনপুর সিএনজি স্ট্যান্ড ও আশপাশের এলাকায় অনুসন্ধান চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ছিনতাইকারী চক্র বা সংশ্লিষ্ট অটোরিকশা শনাক্ত করা যায়নি। কেউ থানায় মামলা বা অভিযোগও করেনি।”
এদিকে ভিডিওটি দেখে স্থানীয়রা আতঙ্ক প্রকাশ করেছেন। তারা বলছেন, মহাসড়কে রাতের বেলা ছিনতাই ও দস্যুতার ঘটনা বেড়ে গেছে। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
পুলিশ জানায়, ভিডিওটি বিশ্লেষণ করে অটোরিকশার রেজিস্ট্রেশন নম্বর ও পথচিহ্ন শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ