প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৮:৫৮ পিএম

সুনামগঞ্জের দিরাই উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১১ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার কুলঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুলঞ্জ গ্রামের সাবেক ইউপি সদস্য ইলিয়াস মিয়া ও বর্তমান সদস্য মাহবুব মিয়া সমর্থকদের মধ্যে এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বিকেলে উভয়পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যবহার করে একে অপরের ওপর হামলা চালায়।
সংঘর্ষে আহতদের মধ্যে ১১ জন গুলিবিদ্ধ হন। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. পিন্টু দাস বলেন, “গুলিবিদ্ধসহ আহত ২০ জনকে হাসপাতালে আনা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে বশর মিয়া তালুকদার (৬০), ফুল মিয়া তালুকদার (৪৫), আলফু মিয়া তালুকদার (৩৫), কায়েস মিয়া তালুকদার (৫৫), ইকবাল মিয়া তালুকদার (৩২), কাহার মিয়া তালুকদার (৪০), জহির মিয়া তালুকদার (৪৫) ও কিশোর মাহিম (১৪)-কে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।” বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) উত্তম কুমার বলেন, “ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে জানিয়েছে প্রশাসন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে